২৯/০৯/২০২৩
শ্রীচরণেষু মা আজ সকালে আসনে বসে স্পষ্ট কথায় তোমাদের কাছে প্রার্থনা করে ফেললাম। নিজের জন্যই চাইলাম, মা। গুরুমহারাজের স্পর্শ পাওয়া পবিত্র আসনে বসে নিজের জন্যই চাইলাম। আমি নিরুপায়, মা। হয়তো তোমাদের সন্তান হয়ে আমার এই চাওয়া সম্পূর্ণ অনুচিৎ। আমার এই চাওয়ায় ঠাকুর এবং স্বামীজী যে খুশি হবেন না, অনুমান করতে পারি। তুমিও নিশ্চয়ই আমায় খারাপ ভাবছো। কিন্তু আমি একেবারে অসহায়, নিরুপায় হয়ে আজ এত স্পষ্ট ভাবে তোমাদের থেকে চাইলাম। আমার জন্য চাইলাম, কারণ আমি এই জীবনে দুর্ভাবনামুক্ত হয়ে তোমাদের সাধনা, সেবা করতে চাই – সে আমার সীমিত সাধ্যে যতটুকুই সম্ভব হোক না কেন। এই বছরের শুরু থেকে এখনও অব্দি বয়ে বেড়ানো সাঙ্ঘাতিক সংসারের দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা, প্রিয় মানুষদের অখুশি রাখার গ্লানি আমাকে শেষ করে দিচ্ছে মা। জপ করছি, সে-ও যন্ত্রের মতো। সময়ে, অসময়ে, যে কোনও কাজের মাঝে সেই চিন্তা এলে প্রচণ্ড ভয় গ্রাস করছে, হৃদয় সঙ্কুচিত হয়ে যাচ্ছে। আমার ভাগ্যে কি তোমাদের নিরলস সেবা ও সাধনা লেখা নেই, মা? আমি তো তোমাদের ভালোবাসবো বলে চাইছি। তা কি ভুল? আমি তো পার্থিব সম্পদ চাইছি না। আধ্যাত্মিক পথে থাকার জন্য মনে শান্তি চাইছি। তা দে...